অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম আবু ফয়েজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন মুন্সি এবং কচুয়া উপজেলা যুবদলের সেক্রেটারি রইজ উদ্দিন চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এতে উপস্থিত ছিলেন।
আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যেই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। ফাইনাল ম্যাচ ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চায় আরও উৎসাহিত করবে বলে জানান আয়োজকরা।




