অনলাইন ডেস্ক: হুথি হামলা সত্ত্বেও সৌদি তেলের আংশিক রপ্তানি পুনর্বহালের খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স সংবাদ সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৯৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ প্রশমনে চলতি সপ্তাহে কূটনৈতিক পথ উন্মোচনের আশায় তেলের বাজারে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্যের একটি অংশ কমছে। তবে এই আশা বাস্তবায়িত হবে কি না, তা সময়ের ওপর নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেছেন।




