অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবনায় দূরপাল্লা ও নগরবাস—উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে প্রস্তাবিত ভাড়া নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, আন্তঃজেলা বা দূরপাল্লার বাসের ভাড়া বর্তমানের ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হতে পারে। ঢাকা ও চট্টগ্রামসহ নগর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব রয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
বৈঠক সূত্রে জানা যায়, পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছিল। তবে বিআরটিএর সমন্বয় কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
সম্প্রতি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধিতে বাসের পরিচালন ব্যয় বাড়ায় বিআরটিএ ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলেও ডিজেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয় করা হয়েছিল।




