অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. কাউছার খাঁন (৪৩) ও তাঁর ছেলে মো. পারভেজ খাঁন (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে হাজীগঞ্জ থানাধীন পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল আসামিদের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালায়। তল্লাশিতে দুটি পৃথক পলি প্যাকেট থেকে মোট ২০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২ গ্রাম।
উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় প্রসিকিউশন দাখিল করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




