স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান। স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
আক্তার খান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান তিনি।
মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়ে আক্তার খান বলেন, এলাকার মানুষের সেবা করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। জনগণের সমর্থন পেলে ওয়ার্ডের রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং নাগরিক সুবিধা সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা রয়েছে তার।
তিনি বলেন, আমি এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করব। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে গুরুত্ব দিতে চাই।
আক্তার খান আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক সেবা ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই তার লক্ষ্য।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন। একই সঙ্গে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন।
মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আক্তার খান ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।




