অনলাইন ডেস্ক: বিরোধীদল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর শহীদ মাজহারুল মনি উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমারজেন্সি প্রিপেয়ারডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্টের (বি-স্ট্রং—বাপাউবো অংশ) আওতায় ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা বাঁধের কাজ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এ্যানি চৌধুরী বলেন, বিরোধীদল নিজেদের আল্লাহর দল দাবি করে মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করছে।
জামায়াত-শিবিরের সমালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে নারীঘটিত ঘটনা, নারী কেলেঙ্কারি ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ করেন। সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করলেও ‘মন থেকে বহিষ্কার করেনি’.
এ্যানি চৌধুরী আরও বলেন, নারীসংক্রান্ত ঘটনায় গাজী নজরুল ইসলাম প্রথম স্ত্রীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে তিনি দাবি করেন। পরে বিয়ের পর ঘরে আগুন লাগার ঘটনা ঘটে এবং অল্প বয়সী ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি শপথ নেওয়ার দিন জামায়াত শপথ পাঠে অংশ নেয়নি। অথচ এখন তারা বিএনপি সরকারের সমালোচনা করছে। তার ভাষ্য, বিএনপি সরকার গঠন করেছে মাত্র সাত মাস হয়েছে; এই সময়ে সব কাজ করা সম্ভব নয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ্যানি চৌধুরী বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালের মতো জামায়াত আবারও আওয়ামী লীগের সঙ্গে সখ্য গড়ে তুলে বিএনপি সরকারকে আগামী পাঁচ বছর শান্তিতে থাকতে দেবে না।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে পানিসম্পদ মন্ত্রী বলেন, তিনি ঠিকাদারদের কাছ থেকে কাজ বুঝে নেবেন না; সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকেই কাজ বুঝে নেবেন। কোনো কাজে অনিয়ম হলে কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।




