অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি ও কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মাসুদ রানা। শুক্রবার বিকেলে উপজেলার বক্সগঞ্জ বাজারে স্থানীয় গ্রামবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. মাসুদ রানা তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে ৩৬টি মামলা দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। ওই সময়ে তিনি কারাবন্দি থাকা, হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার কথাও জানান। প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
মাসুদ রানা বলেন, এলাকাবাসীর ইচ্ছা ও সমর্থন থাকলে তিনি পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচিত হলে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন এবং ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, নির্বাচিত হলে তার নেতা শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এমপির মাধ্যমে পালাখাল মডেল ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। রাস্তা-ঘাট, শিক্ষা, যোগাযোগ এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার কথাও বলেন তিনি।
দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে সেবা করার প্রত্যয় জানিয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন মাসুদ রানা।
স্থানীয় গ্রামবাসীরা জানান, মাসুদ রানার প্রার্থীতা ঘোষণাকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত তার নির্বাচনে অংশ নেওয়া স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




