অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কথিত সন্ত্রাসী তৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরস্থ থানার মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পূর্ব বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা মশিউর রহমান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুর হোসেন রুবেল, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, শামীম গাজী ও সদস্য কাউছার হোসেনসহ স্থানীয় নেতারা।
বক্তাদের বক্তব্য
সমাবেশে বক্তারা দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা, গুম, মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশের সূচনা হয়। তবে পতিত স্বৈরাচারী গোষ্ঠী পেছনের দরজা দিয়ে আবারও দেশজুড়ে নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছে বলে তারা অভিযোগ করেন।
বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে অনেক নেতাকর্মী আহত, পঙ্গু ও কারানির্যাতনের শিকার হয়েছেন। দেশের মানুষ এখন শান্তি, নিরাপত্তা ও স্বস্তির জীবন চায়। কোনো মহল সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে গণতন্ত্র নস্যাৎ করতে চাইলে সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও তারা জানান।




