অনলাইন ডেস্ক: বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন চাঁদপুরের কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ। শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়বদ্ধতা, পাঠদানে দক্ষতা ও সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলীর চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ মাধ্যমিক (কারিগরি) পর্যায়ে তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহে কারিগরি ক্যাটাগরিতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি অর্জন করে তিনি জাতীয় পর্যায়েও অংশ নেন। সম্মাননা পাওয়ায় তিনি মহান আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।
কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননা গ্রহণ তাঁর শিক্ষকতা জীবনের অনন্য গর্বের মুহূর্ত। এ সম্মানের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, উপজেলা প্রশাসন, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, সহকর্মী এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, এ অর্জন তাঁর একার নয়; টিএসসি কচুয়া পরিবারসহ কারিগরি শিক্ষাঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরও এতে অবদান রয়েছে। এই সম্মান তাঁর দায়িত্ব আরও বাড়িয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে দেশের ও শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষা ও কর্মজীবন
মোঃ আবুল কালাম আজাদ ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোট চৌগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ট্যালেন্টপুলে বৃত্তি পান। চৌগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের মাৎস্য বিজ্ঞান অনুষদ থেকে বিএসসি ফিশারিজ (অনার্স) এবং একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ থেকে মাস্টার অব সাইন্স (এমএস) ডিগ্রি অর্জন করেন।
২০০০ সালের ৮ মার্চ কিশোরগঞ্জ জেলা মৎস্য দপ্তরে বায়োলজিস্ট পদে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে তিনি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের ১৯ এপ্রিল শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে চীফ ইন্সট্রাক্টর (ফিস কালচার) পদে শিক্ষকতা শুরু করেন। একই পদে লক্ষ্মীপুরেও দায়িত্ব পালন করেন। ২০২১ সাল থেকে তিনি কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এ অর্জনে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।




