অনলাইন ডেস্ক: ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও এলাকার উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া দত্ত বাড়ি সার্বজনীন মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান পাটোয়ারী।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি মণ্ডপে যান। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি মণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মনিরুজ্জামান পাটোয়ারী বলেন, চাঁদপুর সদর উপজেলার প্রায় প্রতিটি পূজামণ্ডপে সরকারি অনুদানের ব্যবস্থা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মন্দিরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা-ঘাটসহ অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করতে হবে। বর্তমান বরাদ্দ থেকে অগ্রাধিকার ভিত্তিতে এসব কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মনিরুজ্জামান পাটোয়ারী জানান, বিএনপি থেকে মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার কথা জানান তিনি। এলাকার উন্নয়নে বিত্তবান ও সম্মানিত ব্যক্তিদের মর্যাদা দিয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে কাজ করার কথাও বলেন।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান একটি সুন্দর সমাজের পরিচয়। শাহমাহমুদপুর ইউনিয়নের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মনিরুজ্জামান পাটোয়ারী শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী।
এ সময় মহামায়া দত্ত বাড়ি সার্বজনীন মন্দিরের সভাপতি প্রদীপ দত্ত, সাধারণ সম্পাদক সঞ্জয় দত্তসহ ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




