অনলাইন ডেস্ক: চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে রফিককে চাঁদপুরে নিয়ে আসা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকালে আদালতের মাধ্যমে রফিককে জেল হাজতে পাঠানো হয়। তিনি চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।
২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে কোহিনূর হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলাটির নম্বর ৪১ এবং তারিখ ২৩/৮/২০১৫। জি আর নম্বর ৪৬১/২০১৫।
মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মামলায় রফিক ওরফে ধান্দা রফিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার গ্রেপ্তারের ফলে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।




