অনলাইন ডেস্ক: হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাসিক আইনশৃঙ্খলা সভা আজ ২৮ অক্টোবর, বুধবার, উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় টেক অফিসার, পুলিশ প্রশাসন, আনসার সদস্যসহ প্রশাসনের বিভিন্ন টিমের তৎপরতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সভার সভাপতি।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান আকন বলেন, ভূমিসেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে তাঁকে সরাসরি জানাতে হবে। বিষয়টি যাচাই করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনার কথাও বলেন তিনি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলম ভূঁইয়া জানান, চলতি মাসের ৬ তারিখ দায়িত্ব নেওয়ার পর থেকে গতকাল পর্যন্ত মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে হাজীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ২৫০ জন কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
ওসি বলেন, পারিবারিক সচেতনতার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব। এ কাজে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন পাটওয়ারী, সদস্যসচিব মো. মফিজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মেদ সভায় মাদকসেবীদের ডোপ টেস্ট চালুর প্রস্তাব করেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, অনেককে আটক করে থানায় নেওয়ার পর তাঁরা মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ও সদস্যসচিব মো. এম এ রহিম পাটওয়ারী অভিযোগ করেন, আগামী ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণাকে কেন্দ্র করে হাজীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতার পরিকল্পনা করছেন। ফেসবুক পোস্টসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তাঁরা। এ বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সব বিভাগ তৎপর রয়েছে। তিনি জানান, বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে ডোপ টেস্টের ব্যবস্থা চালু রয়েছে। হাজীগঞ্জে ডোপ টেস্ট চালুর বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু মাহমুদ, চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ও মো. মজিবুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন। প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন।




