অনলাইন ডেস্ক: সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ শাহ আলম নামে এক বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছেন। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটির ওয়াদী আল দাওয়াসীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাহ আলম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ৩ নম্বর রায়শ্রী উত্তর ইউনিয়নের পাকবিজয়পুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
তার ছেলে মেহেদী হাসান, মো. সোহাগ ও মাহবুব আলম জানান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ২৫ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করা হয়েছে। মরদেহ দেশে পাঠাতে তারা রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক সার্বিক সহযোগিতা করছেন।
বর্তমানে শাহ আলমের মরদেহ সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসির হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে।
মরদেহ দ্রুত দেশে স্বজনদের কাছে পাঠাতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়েছেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাস এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়।




