নিজস্ব প্রতিবেদক: আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাই এবং ভুয়া সংবাদ প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার আট উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের ইতিহাসে সর্ববৃহৎ পরিসরে আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও কাজের মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে বর্তমান সময়ে সাংবাদিকতার ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহি অনেক বেড়েছে। একটি সংবাদ প্রকাশের পরপরই পাঠক ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি হয়। সংবাদে ভুল বা মিথ্যা তথ্য থাকলে তার নেতিবাচক প্রভাবও দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক, দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
তিনি বলেন, প্রযুক্তির বর্তমান সময়ে ইতিবাচক প্রচারণার যেমন অনেক সুযোগ তৈরি হয়েছে, তেমনি নেতিবাচক বিষয় তুলে ধরার ক্ষেত্রেও সাংবাদিকদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের জন্য একটি মডেল। এ ঐক্য ও সুনাম ধরে রাখতে হবে। এত বড় পরিসরে সাংবাদিকদের একত্রিত করে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় চাঁদপুর প্রেস ক্লাব ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার বলেন, বর্তমান সময়ের বিবেচনায় এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা চর্চা করতে হবে। পেশাগত দক্ষতা অর্জন ও ক্যারিয়ারের উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও পেশাগত মান বাড়াতে হয়। পেশাদার সাংবাদিকদের এ ধরনের প্রশিক্ষণে অংশ নিয়ে পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখবেন বলে আশা করি।
সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকে নতুন নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর প্রেস ক্লাব ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে একটি মডেল প্রেস ক্লাব হিসেবে পরিচিতি লাভ করেছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে প্রেস ক্লাব নিয়মিত কাজ করছে। এ প্রশিক্ষণে জেলা সদর ও বিভিন্ন উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আগ্রহী সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে সর্ববৃহৎ পরিসরে এবং সর্বোচ্চসংখ্যক সাংবাদিকের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এখানে মাঠপর্যায়ের পেশাদার সাংবাদিকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান এআইয়ের যুগে গণমাধ্যমের কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আসছে। সারা পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গণমাধ্যমকে প্রভাবিত করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের নতুন বিষয় জানার ও শেখার সুযোগ তৈরি হয়েছে।
সোহেল রুশদী জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খানের পৃষ্ঠপোষকতা এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজলের আন্তরিক প্রচেষ্টায় এ আয়োজন পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের সাংবাদিকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট চেকিং এবং ভুয়া সংবাদ প্রতিরোধ সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করবেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানান। তিনি একজন সাংবাদিকবান্ধব মানুষ। একইভাবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকও সাংবাদিকবান্ধব। তিনি সবসময় সাংবাদিকদের পাশে রয়েছেন এবং চাঁদপুরের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তাঁর সহযোগিতা ও আন্তরিকতায় চাঁদপুরের সাংবাদিকতা এবং গণমাধ্যমের উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান এবং বিদেশি বিশেষজ্ঞ অধ্যাপক ড. গ্রেগ সাইমনস।
প্রশিক্ষণবিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং বিশেষ অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারের হাতে ক্রেস্ট তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, এ এইচ এম আহসান উল্লাহ, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ।
এছাড়া উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াছিন ইকরাম, তালহা জোবায়ের, দৈনিক চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহমেদ, একুশে টিভির জেলা প্রতিনিধি মো. নেয়ামত হোসেন, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুনাওয়ার কানন, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য মো. ইলিয়াছ পাটওয়ারী এবং একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক মো. আলামিন ভূঁইয়া।
জেলার বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা কামাল ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মাঈনুল ইসলাম কাজল, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লাভলু, মতলব দক্ষিণ প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. আতাউল করিম ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল্লাহ, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ রানা ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর জেলার আট উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা শহরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ১৪৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কৃতজ্ঞতা প্রকাশ: চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক বৃহৎ পরিসরের এ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।




