চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে (কেতুয়া-আলুমুড়া) সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন মোঃ শরীফ তালুকদার।
তিনি গতকাল ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুমা এলাকার সুধীজনসহ মুসুল্লিদের নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার পিতা মরহুম মমতাজ উদ্দিন ও তার বড় ভাই উক্ত ওয়ার্ডের ৩বারের সাবেক ইউপি সদস্য মরহুম সফিকুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী কার্যক্রমের শুরুতে তিনি এ কবর জিয়ারত করে এলাকার মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় তিনি নির্বাচন করার কথা জানিয়ে এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
শরীফ তালুকদার জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে এগিয়ে যেতে চান। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।




