অনলাইন ডেস্ক: চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় বৃদ্ধা লুৎফুর নাহারের মরদেহ উদ্ধারের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হওয়ার পর সেই ঋণ পরিশোধ করতে ১৬ বছর বয়সী নাতি সিয়াম তাঁর নানিকে হত্যা করেছে।
এ ঘটনায় সিয়ামকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আদালতে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই দিন সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস বিফিংয়ে তিনি সাংবাদিকদের তথ্য জানান।
পুলিশের ভাষ্য, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার একটি বাসায় ৬৫ বছর বয়সী লুৎফুন্নাহারকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) আওলাদ রিকাবদার তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরকে শনাক্ত করেন। পরে ২২ নভেম্বর বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে কিশোরটি অনলাইনে জুয়া খেলার কারণে ঋণ ও আর্থিক সংকট তৈরি হওয়ার কথা জানায়। ওই ঋণ পরিশোধের পরিকল্পনা থেকেই সে নানিকে হত্যার সিদ্ধান্ত নেয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, ঘটনার দিন কৌশলে বাসায় ঢুকে সে বৃদ্ধার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
কিশোরের দেখানো মতে, ভবনটির টয়লেটের পাইপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এছাড়া চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর এলাকায় তার বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে স্বর্ণের চেইন, একটি হাতের আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পরিবারের সদস্যরা ১৮ নভেম্বর সন্ধ্যার পর একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে না পেরে ভবনের নিরাপত্তাকর্মীকে জানান। পরে সপ্তম তলার ফ্ল্যাট থেকে লুৎফুন্নাহারের হাত বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন।




