অনলাইন ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে আসতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে সংবিধানবহির্ভূতভাবে নির্বাসিত করা হয়। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে এটিকে দেশে ফেরার জন্য তার প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার এমন ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে। দেশটিতে তার দল নিষিদ্ধ রয়েছে। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতার মাত্রাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দিল্লিতে যাওয়ার কয়েক মাস পর বাতিল হওয়া নথিপত্র পুনরায় পাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।




