অনলাইন ডেস্ক: চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বের হলে তারা ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান। পরে সেখানে গিয়ে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখা যায়। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে ছিল। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়।
নিহত মেহেদী একটি বেকারিতে কর্মচারী হিসেবে কাজ করতেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে মেহেদী শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মোবাইল ফোনের মাধ্যমে মেহেদীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




