অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণে বিশেষ সৌর বিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ের কারিগরি ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী। সভা সঞ্চালনা করেন মতলব দক্ষিণ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জসিম উদ্দিন।
মতলব দক্ষিণ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. তৌহিদুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অন-গ্রিড, অফ-গ্রিড ও নেট মিটারিং ব্যবস্থাপনা তুলে ধরেন। তিনি সৌর বিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা, ব্যবহার ও বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত কর্মকর্তাদের ধারণা দেন।
সভায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও এর ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে তাঁরা আলোচনা করেন। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির সিনিয়র জেনারেল মাজার।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগকে স্বাগত জানান। তিনি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসারে সৌর বিদ্যুতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি উপজেলার সব সরকারি দপ্তরকে নিজ নিজ প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
সভায় সৌর বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ, সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, উদ্যোগটি বাস্তবায়িত হলে সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প উৎস ব্যবহারের সুযোগ বাড়বে এবং টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।




