অনলাইন ডেস্ক: চাঁদপুর জেলার প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে ২৫ নভেম্বর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আনন্দ র্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘৭১-এর শহীদ বেদিতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।
সভায় বক্তব্য দেন থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সদস্য ইঞ্জিনিয়ার আবু তাহের, দেলোয়ার হোসেন পাটওয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের কমান্ডার আহসান উল্ল্যা চৌধুরী, বালিথুবা পূর্ব ইউনিয়নের তাফাজ্জল হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক আলী আক্কাছসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং ফরিদগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা তুলে ধরেন।
ফরিদগঞ্জ হানাদারমুক্ত হওয়ার ইতিহাস
১৯৭১ সালের ২৫ নভেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র মানুষের প্রতিরোধের সময় উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে।
চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকিস্তানি সেনারা সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে কয়েকজন সাধারণ মানুষ নিহত হন। ওই দিন চাঁদপুর জেলার প্রথম উপজেলা হিসেবে ফরিদগঞ্জ হানাদারমুক্ত হয়।




