অনলাইন ডেস্ক: অবৈধ ড্রেজিং বন্ধে কঠোর আইনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক এলাকায় ব্রিক ফিল্ডের পাশে ডাকাতিয়া নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ৫ নম্বর গুপ্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গল্লাক ডিগ্রি কলেজ ও স্থানীয়দের জমি জোর করে ড্রেজারের মাধ্যমে ভরাট করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতার সংশ্লিষ্টতার কারণে উপজেলা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তবে ৫ নম্বর গুপ্টি ইউপি চেয়ারম্যান মো. শাহাজান বলেন, ডাকাতিয়া নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এবং অনেকের জমি জোর করে ভরাট করা হচ্ছে। সেখানে তাঁর নিজেরও ৭ শতাংশ জমি রয়েছে বলে জানান তিনি।
চেয়ারম্যানের ভাষ্য, রাজনৈতিক পরিচয় থাকলেও অন্যায় কাজ করার সুযোগ নেই। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ ড্রেজিং বন্ধের দাবি জানান। তাঁর আশঙ্কা, ব্যবস্থা না নিলে নদীর তীর ও বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন এলাকার বসতভিটা ও ফসলি জমি বিলীন হতে পারে।
সরেজমিনে গল্লাক এলাকায় গিয়ে ব্রিক ফিল্ডের পাশে ডাকাতিয়া নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখা যায়। এ বিষয়ে মো. আজাদ বলেন, কলেজের জমি ভরাটের জন্য বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার স্থাপন অবৈধ—এ কথা জানেন, তবে ভরাটের কাজ শেষ করতে হবে বলে জানান তিনি।
স্থানীয় মো. হারুন বলেন, ড্রেজিংয়ের কারণে নদীর তীরে তাঁর বোনের প্রায় ৪০ শতাংশ ফসলি জমি রয়েছে ঝুঁকিতে। জমিটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে বলেও জানান হারুন।
স্থানীয়রা জানান, এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। সচেতন মহল অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ এবং আইনগত ব্যবস্থা দাবি করেছে।




