22.7 C
Bangladesh
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
spot_imgspot_img

কচুয়ায় ইটভাটার মালিকানা দাবি করে হামলা-ভাঙচুর, আহত ১০

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া রহিমানগর এলাকার গোহট গ্রামে মেসার্স বাচ্চু ও দেলোয়ার ব্রিকস নামের ইটভাটায় মালিকানা দাবি করে আল-আমিন ফাহাদ নামে এক ব্যক্তির নেতৃত্বে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এতে ভাটার কর্মচারী ও শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ভাটার কার্যালয়, শ্রমিকদের ঘর, পরিবহণের গাড়ি ও তৈরি করা নতুন ইট।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। হামলাকারীদের আতঙ্ক এবং আগুনের কারণে তাৎক্ষণিকভাবে কেউ ঘটনাস্থলে যেতে পারেননি বলে জানানো হয়েছে। আহত শ্রমিক ও কর্মচারীরা প্রাণ বাঁচাতে বিভিন্ন স্থানে আশ্রয় নেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলে হামলা, ভাঙচুর, আগুন ও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়।

আহত ও ক্ষয়ক্ষতির অভিযোগ

আহতদের মধ্যে রয়েছেন ইটভাটার ম্যানেজার মো. ইকবাল হোসেন (৪৪), মালিকপক্ষের পরিচালক বাবুল মিয়া (৬০), কর্মচারী ফজলুর রহমান (৩৮), সাদ্দাম ভুঁইয়া (৪০), কাউসার সরদার (৩২), জিন্নত আলী (২৮) ও এমরান হোসেন (৩০)। এ ছাড়া কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

আহত ম্যানেজার ইকবাল হোসেনের দাবি, দুপুরে কাজ চলাকালে একদল লোক ইটভাটায় এসে হামলা ও ভাঙচুর চালায়। তিনি প্রাণ বাঁচাতে একটি বাড়িতে আশ্রয় নেন। পরিচালক বাবুল মিয়া বলেন, আল-আমিন ফাহাদ বহু লোক নিয়ে ভাটায় প্রবেশ করে দুটি অফিস, শ্রমিকদের ঘর ও একটি গাড়িতে আগুন দেন। তাঁর দাবি, চারটি গাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এবং তাঁকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়েছে।

আহত ফজলুর রহমান ও সাদ্দাম ভুঁইয়াও হামলার বর্ণনা দিয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মালিকানা নিয়ে বিরোধ

ভাটার মালিকপক্ষের দেওয়া তথ্যে জানা যায়, প্রায় দুই দশক আগে কচুয়ার গোহট এলাকায় বাচ্চু মিয়া ও দেলোয়ার হোসেন যৌথভাবে ইটভাটা প্রতিষ্ঠা করেন। মালিকানার বড় অংশ ছিল বাচ্চু মিয়ার এবং দেলোয়ার হোসেনের অংশ ছিল এক-চতুর্থাংশ। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দেলোয়ার হোসেন এফিডেভিটের মাধ্যমে তাঁর মালিকানা অংশ বাচ্চু মিয়াকে লিখে দেন বলে দাবি করা হয়েছে। ভাটার সম্পত্তি লিখে দেওয়ার জন্য বায়নাপত্রের সময় ৩৯ লাখ টাকা নেওয়া হয় এবং বাকি ১৯ লাখ টাকা জমি লিখে দেওয়ার পর নেওয়ার চুক্তি হয় বলেও জানানো হয়েছে।

মালিকপক্ষের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে দেলোয়ার হোসেনের পক্ষ মালিকানা দাবি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা চায়। তদন্ত ও কাগজপত্র পর্যালোচনার পর দেলোয়ার পক্ষ সঠিক কাগজপত্র উপস্থাপন করতে না পারায় রায় বাচ্চু মিয়া পক্ষের অনুকূলে যায় বলে দাবি করা হয়েছে।

ইটভাটার মালিক সোহেল মিয়া অভিযোগ করেন, আল-আমিন ফাহাদ রাজনৈতিক প্রভাব বিস্তার করে হামলা চালিয়েছেন। তাঁর দাবি, হামলায় প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়া এবং প্রশাসনের কাছে বিচার দাবি করেন।

পুলিশের বক্তব্য

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি হামলার ঘটনা জানার কথা বললেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলেও জানান তিনি।

ওসি বলেন, ইটভাটার মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি তিনি জানেন। এ নিয়ে আগে দুই পক্ষের সঙ্গে থানায় কথা হয়েছে; বিষয়টি জটিল এবং থানায় সমাধানযোগ্য না হওয়ায় কিছু করা সম্ভব হয়নি।

অভিযুক্ত আল-আমিন ফাহাদের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন এবং এক ঘণ্টা পরে ফোন দিতে বলেন। পরে আবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ