অনলাইন ডেস্ক: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি আবার জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, চাঁদপুরের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জেলার অনেক মানুষ গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে যুক্ত। খামারিদের আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক বলেন, নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির উপযোগী করে গড়ে তুলতে হবে। এ জন্য সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও খামারিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা রুহুল আমিন। জেলা ট্রেনিং অফিসার বিপ্লব কুমার দে প্রাণিসম্পদ বিষয়ে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন।
সফল খামারিদের পক্ষে শাহিনুর বেগম এবং সফল উদ্যোক্তাদের পক্ষে হাবিবুর রহমান বক্তব্য দেন। সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের অভিজ্ঞতা ও উদ্যোক্তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে অতিথিরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলা পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন খামারি ও উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পশু ও প্রাণিসম্পদসংশ্লিষ্ট পণ্য নিয়ে স্টল সাজিয়ে অংশ নেন। বিভিন্ন পশু ও প্রাণিসম্পদ বিষয়ক ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও পণ্য ও সেবা নিয়ে মেলায় উপস্থিত ছিলেন।




