অনলাইন ডেস্ক: দ্বিতীয়বারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার এসআই মো. শফিকুল ইসলাম। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে জেলায় সর্বোচ্চ পরোয়ানা তামিল, দ্রুত মামলা নিষ্পত্তি এবং বিভিন্ন মামলায় আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শফিকুল ইসলাম শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। মাদক উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপও তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মাননা পাওয়ার পর এসআই মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনা এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ ও ওসি (তদন্ত) আল আমিন তালুকদারের সহযোগিতায় তিনি দায়িত্ব পালন ও বিভিন্ন মামলার কাজ করছেন। এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।




