অনলাইন ডেস্ক: চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখলের পাঁয়তারার প্রতিবাদে এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন হাজী মোবারক মার্কেটের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাবুরহাট মোবারক মার্কেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রায় এক মাস আগে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ওই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে সম্প্রতি পুনরায় জায়গাটি দখলের চেষ্টা চলছে বলে তারা দাবি করেন। তাদের ভাষ্য, অবৈধ দখলের কারণে পথচারী ও ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং যানজট তৈরি হয়ে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের যানজটের কারণে সাধারণ ক্রেতারা মার্কেটে আসতে অনাগ্রহী হচ্ছেন। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেন। উচ্ছেদ হওয়া জায়গায় যাতে পুনরায় কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কঠোর হস্তক্ষেপ চান তারা।
চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা ভুঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, সংশ্লিষ্ট জায়গাটি সওজের আওতাভুক্ত কি না এবং কোন সীমানায় পড়েছে, তা যাচাই করতে সার্ভেয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। জমির ম্যাপ ও নকশা দেখে সীমানা নির্ধারণের কাজ চলছে। সওজের জায়গায় অবৈধ স্থাপনা তৈরির চেষ্টা হলে তা উচ্ছেদ বা ভেঙে ফেলা হবে বলেও জানান তিনি।
মানববন্ধনে হাজী মোবারক মার্কেটের সভাপতি মোঃ আরিফুর রহমান তালুকদার, সেক্রেটারী রাজীব তালুকদার, কোষাধ্যক্ষ, সদস্য মাহফুজ তালুকদার, মো: মোস্তফা, মো: আলী, মজিবুর রহমান, মকবুল আহমেদ, নাসির বকাউল ও শাহজাহান মালসহ অন্যরা উপস্থিত ছিলেন।




