অনলাইন ডেস্ক: তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুর জেলার ফরিদগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন তালুকদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসা উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া এবং সংশ্লিষ্ট বিট অফিসার এসআই হুমায়ুন কবির।
সভায় স্থানীয় ব্যক্তিত্ব রফিকুল আলম বাবু, মশিউর রহমান, ফারুক খান, আনোয়ার হোসেন সজীব, রফিকুল ইসলাম, মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক তরুণ সমাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং এটি প্রতিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই। তাদের মতে, শুধু মাদকসেবী ও কারবারিদের গ্রেপ্তার করে এ সমস্যা দূর করা সম্ভব নয়; প্রতিটি পরিবার থেকে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




