অনলাইন ডেস্ক: বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাছুয়াখাল এলাকার জমাদ্দার বাড়িতে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের চারটি বসতঘর ও চারটি রান্নাঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মানিক জমাদ্দার, শিপন, শাহজালাল, সুফিয়ান ও সেলিম জমাদ্দারের চারটি বসতঘর এবং চারটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তৎপরতায় বাড়ির আরও কয়েকটি ঘর রক্ষা পায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, সংরক্ষিত মহিলা সদস্য জোহরা আক্কাস, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম মিয়াজী এবং আরেক চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সুলতানা আহমেদ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আগুন নেভানোর সময় ইউপি সদস্য শহীদ মিয়াজীসহ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।




