অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নম্বর ইউনিয়নের তালতলী প্রধানীয়া বাড়িতে প্রকৌশলী ফয়সাল প্রধানের ঘর থেকে এসির পাইপ চুরি হয়েছে। এর আগে অজ্ঞাত চোরেরা এসি খুলে নেওয়ার চেষ্টা করলেও বাড়ির কুকুরের ডাক ও পরিবারের সদস্যের টর্চের আলোয় তারা পালিয়ে যায়।
জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ফয়সাল প্রধানের পরিবারের সবাই রাজধানীতে থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার পরপরই অজ্ঞাত চোরেরা এসি খুলে নেওয়ার চেষ্টা করে। তারা এসির সব নাট-বল্টু খুলে পাইপ কাটার সময় গ্যাস বের হওয়ার শব্দ হলে বাড়ির কুকুর ডাকতে শুরু করে।
এ সময় পাশের ঘরে থাকা ফয়সালের ভাতিজা ফাহিম দরজা খুলে টর্চের আলো ফেললে চোরেরা পালিয়ে যায়। পরে ফাহিম হোসেন ও মারুফ হোসেন সিয়াম এসির আউটডোর ইউনিটটি ঘরে নিয়ে রাখেন।
তবে চোরেরা এসির বিভিন্ন অংশ খুলে ফেলেছিল। এসির পাইপ ইনডোর ইউনিটের সঙ্গে সংযুক্ত থাকায় পরদিন ২০ সেপ্টেম্বর রাতে তারা কপার পাইপ চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, এলাকায় নিয়মিত চুরির ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন। তাদের দাবি, প্রায়ই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটছে।




