অনলাইন ডেস্ক: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ হয়। পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় নেতাকর্মীদের স্লোগানে আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে মিল রেখে একদফা দাবির ঘোষণা দেওয়া হচ্ছে, তবে বাংলাদেশের জনগণ বিষয়টি বোঝে। কোনো স্বঘোষিত ব্যক্তি বা নিষিদ্ধঘোষিত নেতাকর্মীর জায়গা বাংলাদেশে হবে না বলেও তিনি মন্তব্য করেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিকের দাবি, নিষিদ্ধঘোষিত অঙ্গ-সংগঠনের নামে যারা মিছিল করছে, তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এ কাজে জড়িত ব্যক্তি, উসকানিদাতা এবং তাদের সহযোগিতাকারী দলীয় সদস্যদের সমানভাবে দোষী সাব্যস্ত করা হবে বলে তিনি জানান। পাড়া-মহল্লায় এসব সংগঠন ও স্বঘোষিত দাবিদারদের প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি মাদক, ইভটিজিং, চাঁদাবাজি ও জমি দখলের ঘটনায় কোনো আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্যের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে দলীয় নেতারা বক্তব্য দেন।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




