অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম রনির ৫ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মেহের উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বানিয়াচোঁ মির্দ্দাবাড়ি এলাকায় এ বৈঠক হয়।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাজান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম রনি।
বৈঠকে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিত করা, নাগরিক সেবা সহজ করা এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
সাইফুল ইসলাম রনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাকে তিনি প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
এ সময় স্থানীয় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে নির্বাচিত হলে সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন মোঃ সেলিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ শফিকুর রহমান, মিলন তালুকদার, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ এরশাদ উল্লাহ ড্রাইভার, মোঃ জসিম উদ্দিন ও ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলম হোসেন।
বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম রনি এর আগে মেহের উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পরে সভাপতি ছিলেন। এছাড়া চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।




