অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে জালনোট দিয়ে প্রতারণার অভিযোগে চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা জালনোট উদ্ধার করা হয়।
রোববার রাতে গল্লাক বাজারে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার শিল্পী বেগম (৪৫), চরদুখিয়া এলাকার আমেনা বেগম (২৮), জামালপুর এলাকার হাসিনা আক্তার (৩০) এবং রামগঞ্জ উপজেলার কাটাখালী এলাকার পাখি বেগম (৩৮)।
স্থানীয় ব্যবসায়ী আবুল হাশেমের দোকান থেকে ওই নারীরা ১ হাজার টাকার নোট দিয়ে মশার স্টেন কেনেন। পরে আবুল হাশেম তাদের ৯০০ টাকা ফেরত দেন। নারীরা দ্রুত দোকান থেকে চলে গেলে নোটটি নিয়ে তার সন্দেহ হয়। স্থানীয় অন্য ব্যবসায়ীদের দেখানোর পর নোটটি জাল বলে শনাক্ত করা হয়। বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ী ও এলাকাবাসী তাদের আটক করেন।
গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী বলেন, টাকা যাচাই করে জালনোট পাওয়া গেছে। সব মিলিয়ে সাড়ে ৪ হাজার টাকা জালনোট উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।




