অনলাইন ডেস্ক: হাজীগঞ্জে রাতে অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে ১১ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের সময় রাতে ঘোরাঘুরি করা অবস্থায় কিশোরদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাতে বাইরে থাকার বিষয়ে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি বলে জানানো হয়েছে।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশের সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনায় তাদের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। পরে রাতে অপ্রয়োজনে বাইরে না ঘোরার অঙ্গীকার করলে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় কিশোরদের হস্তান্তর করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া এবং ওসি (তদন্ত) রাজীব শর্মা।
হাজীগঞ্জ থানার ওসি কাওসার আলম ভূঁইয়া বলেন, কিশোরদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




