অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আসিফ গাড়িতে না থাকায় কোনো হতাহত হয়নি।
আসিফ আকবর জানান, ভোরে শপিং মলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় তিনি শপিং মলের ওপরের তলায় নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।
তিনি জানান, বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠায়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তখন তিনি গাড়িতে ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কারা এ হামলা চালিয়েছে বা এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।




