অনলাইন ডেস্ক: এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার ২৯ অক্টোবর প্রকাশিত হবে। শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। এর মধ্যে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন চূড়ান্ত করেছে সরকার।
ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, সাধারণত বৃহস্পতিবার ফল প্রকাশ করা হয়। এবারও বৃহস্পতিবার হওয়ায় ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান জানান, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সরকার ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় বেশ কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।




