অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, হুমকি-ধমকি, মারধর ও লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।
২৮ অক্টোবর ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।
সভা শেষে আবু হেনা মোস্তফা কামাল বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের সব ধরনের সভা-সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সম্প্রতি দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ সংবাদদাতা সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনায় জরুরি সভা আহ্বান করা হলে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ সেখানে উপস্থিত হন। তাঁর অনুরোধে সমঝোতার প্রস্তাব মেনে নেওয়া হয়েছিল বলে সভায় জানানো হয়।
এরপর মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে মো. মহিউদ্দিনকে আবার খোঁজাখুঁজি করা হয়। এ সময় সেখানে থাকা সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হয়ে তেড়ে আসার অভিযোগ করা হয়েছে। উপস্থিত অন্যরা তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশে হুমকি-ধমকি দেওয়া হয় বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় আরও বলা হয়, সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডার এবং থানা এলাকায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হুমকি-ধমকি ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। সাংবাদিকদের কুপিয়ে জখম করার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।
ফরিদগঞ্জে বিএনপির কমিটি না থাকলেও নেতৃত্বে থাকা ব্যক্তিরা সাংবাদিকদের প্রতি দলীয় লোকজনের হুমকি-ধমকি বন্ধে কার্যকর উদ্যোগ নিলে এবং পরিস্থিতির স্থায়ী সমাধান হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি।




