অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়িতে প্রবাসী মো. মাসুদ আলমের বসতঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্য অনুযায়ী, রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ বসতঘরে আগুনের শিখা দেখতে পান তাঁরা। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুন নেভানোর আগেই ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো দাহ্য পদার্থের উপস্থিতি ছিল না। এ কারণে আগুনের সূত্রপাত নিয়ে এলাকায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




