স্টাফ রিপোর্টার : ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে চাঁদপুরে নির্যাতিত বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান প্রায় ১৬ বছর পরে শতাধিক গাড়ির বহর নিয়ে পথসভা করেছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে সড়ক পথে গাড়ী বহর নিয়ে তিনি চাঁদপুরে প্রবেশ করেন।
এসময় বাবুরহাট থেকে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পর্যন্ত রাস্তার পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। পরে গাড়ী বহর নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে পথ সভায় বক্তব্য দেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে গত ১৬ বছর মিথ্যা মামলা দিয়ে পাসপোর্ট আটকিয়ে রেখেছিল। ভিসা না দেয়ায় আমি নিজ জন্মভূমিতে পা রাখতে পারিনি। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরে আমি আমার পাসপোর্ট ফিরে পেয়ে দেশে আসি।
বিএনপি নেতা বলেন, আমরা জিয়ার সৈনিক৷ আমি কোন নেতা না, আমি আপনাদের মত একজন সৈনিক। আমরা নিজেরা নিজেরা যদি মারামারি, কাটাকাটি করি, তাহলে আমাদের দল টিকানো কষ্টকর হয়ে যাবে। আবার ১৬ বছর আমাদের পিছিয়ে যেতে হবে। আমরা এক নেতা আরেক নেতার উপর যেন শক্তি প্রয়োগ না করি। একজন নেতার ভোটের যে মূল্য, রাস্তায় যে ঘুমায় তার ভোটের মূল্যও একই। চাঁদপুরে অনেকেই বলেন নেতা কে হবেন। নেতা নির্ধারণ করবেন আমাদের নেতা তারেক রহমান।
এসময় চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল সহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।




