কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭ নম্বর হলরুমে জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে অনুষ্ঠানটি হয়।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল বারী সরদার বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, জেলা পিপি অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু, জেলা জিপি অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার, এনরোলমেন্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া এবং বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে প্রয়াত আইনজীবী সহকারীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
বিচারপ্রক্রিয়ায় দায়িত্বশীলতার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে মো. হেমায়েত উদ্দিন বলেন, বিচারপ্রার্থী মানুষ যেন আইনজীবী ও আইনজীবী সহকারীর নাম ভাঙিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিচারপ্রক্রিয়ায় আইনজীবী সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আইনজীবী সহকারীদের নির্ধারিত পোশাক পরিধান করে শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা বজায় রেখে বিচারিক কাজে সহযোগিতা করার আহ্বান জানান। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও আইনজীবী সহকারীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় আইনজীবী সহকারীদের ভূমিকা রয়েছে। আদালতের নিয়ম মেনে দায়িত্ব পালন, বিচারপ্রার্থীদের সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তারা বিচারপ্রক্রিয়ায় অবদান রাখতে পারেন।
অন্যান্য বক্তারা আইনজীবী ও আইনজীবী সহকারীদের মধ্যে সহযোগিতা, পেশাগত শৃঙ্খলা, সততা এবং সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। কেন্দ্রীয় কমিটির নেতারা আইনজীবী সহকারীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, সদস্যদের কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা, কার্যক্রম গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। অনুষ্ঠানে কুমিল্লা আদালত অঙ্গনে কর্মরত বিচারক, আইনজীবী, আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মজিবুল আলম উজ্জ্বল।




