মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু ব্যবসা নিয়ে সংবাদ ও ফেসবুকে লেখালেখি করার জেরে মো. শাকির আহমেদ (৩৬) নামের এক সাংবাদিকের ওপর ট্রাকচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে।
গত শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন উঁচু ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার সন্ধ্যায় অজ্ঞাতনামা ট্রাকচালকসহ ২-৩ জনকে বিবাদী করে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সাংবাদিক।
মো. শাকির আহমেদ দৈনিক ‘আমাদের কণ্ঠ’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক সিলেট ডটকম’-এর শ্রীমঙ্গল প্রতিনিধি। তিনি শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য।
অভিযোগে বলা হয়েছে, শাকির আহমেদ দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন নিয়ে সংবাদ প্রকাশ এবং ফেসবুকে লেখালেখি করে আসছিলেন। ঘটনার রাতে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের একটি মতবিনিময় সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। আশিদ্রোন উঁচু ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া একটি বালুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলের ওপর তুলে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রাণ বাঁচাতে শাকির আহমেদ মোটরসাইকেলসহ পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। এতে মোটরসাইকেলের লুকিং গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে প্রায় দেড় হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




