অনলাইন ডেস্ক: ফ্লাইটে চড়ে ধারণ করা ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করার অভিযোগে নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের এভিয়েশন কোম্পানি ডিউনস এভিয়েশন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু বিমানে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। ভ্রমণের সময় তিনি উড়োজাহাজের ভেতরের একটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন।
ভিডিওতে নোরা ওই বিমানকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বা প্লাস্টিকের খেলনা বিমান বলে উল্লেখ করেন।
এভিয়েশন কোম্পানিটির দাবি, চার্টার্ড ফ্লাইট নিয়ে নোরার মন্তব্যগুলো বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন ছিল এবং এর পেছনে কোনো প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব ভিত্তি ছিল না।
ডিউনস এভিয়েশনের আরও দাবি, নোরার বিপুলসংখ্যক সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারী থাকায় মন্তব্যগুলোর কারণে কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসায়িক ক্ষতি হয়েছে এবং বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমার পাশাপাশি ফ্লাইট বাতিলের হারও বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্ষতিপূরণ হিসেবে নোরা ফাতেহির কাছে ৩ কোটি রুপি দাবি করেছে কোম্পানিটি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিও ও সংশ্লিষ্ট বিষয়গুলো সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার দাবিও জানানো হয়েছে। মামলাটি ভারতের গুজরাটের গান্ধীনগর আদালতে দায়ের করা হয়েছে।




