অনলাইন ডেস্ক: চাঁদপুরে শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প। চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে কুমিল্লা রোডের ডায়াবেটিক হাসপাতালে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম চলবে। এতে ঢাকার বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ ১১ চিকিৎসক চিকিৎসাসেবা দেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে পূর্ব-রেজিস্ট্রেশন করা প্রায় ৭৫০ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হবে। ২০১৯ ও ২০২১ সালের আয়োজনের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো চাঁদপুর ডায়াবেটিক সমিতিতে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
যেসব চিকিৎসক সেবা দেবেন
গ্যাস্ট্রোএন্টারোলজিতে জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান, ডায়াবেটিক ও হরমোন বিষয়ে অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, চর্ম ও যৌন রোগে অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম এবং বন্ধ্যাত্ব রোগে অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন চিকিৎসা দেবেন।
এ ছাড়া বাত, ব্যথা ও ফিজিক্যাল মেডিসিনে অধ্যাপক ডা. মো. শাহ জামান খান, কিডনি রোগে অধ্যাপক ডা. ওয়াসিম মো. মহসিন উল হক, গাইনি ও প্রসূতিবিদ্যায় অধ্যাপক ডা. তানজিম সাবিনা চৌধুরী, মেডিসিন ও রিউমাটোলজিতে সহযোগী অধ্যাপক ডা. সাবরিনা ইয়াসমিন এবং চক্ষুরোগ ও সার্জারিতে সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ বেগম সেবা দেবেন।
বৈজ্ঞানিক সেমিনার
চিকিৎসাসেবার পাশাপাশি বিকেল ৩টায় স্থানীয় চিকিৎসকদের অংশগ্রহণে ‘Obesity : New Concept; what health care providers need to know’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান এতে প্রধান অতিথি থাকবেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান।
সেমিনারে সভাপতিত্ব করবেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শায়ের গফুর জানান, সীমিত আসনে রোগীদের আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে এলাকার ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগের রোগীরা উপকৃত হবেন বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।




