অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে রাতের আঁধারে একটি কবরস্থানের ১৪০টি মেহগনি গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবী হাজীপাড়া কেন্দ্রীয় গোরস্থানে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় এলাকাবাসী ও গোরস্থান পরিচালনা কমিটির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও গোরস্থান কমিটি সূত্রে জানা যায়, ২০১৫ সালে আজগবী হাজীপাড়া কেন্দ্রীয় গোরস্থানটি প্রতিষ্ঠিত হয়। গোরস্থানের ফাঁকা জায়গার সৌন্দর্যবর্ধন ও সুরক্ষার জন্য প্রায় তিন মাস আগে সেখানে ১৬৮টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়। পরে রাতের অন্ধকারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গোরস্থানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ১৪০টি গাছ কেটে ফেলে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা গাছগুলো কাটা অবস্থায় দেখতে পেয়ে গোরস্থান পরিচালনা কমিটিকে খবর দেন। পরে এলাকাবাসী ও কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি দেখে ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা ও কবরস্থান কমিটির ধারণা, গোরস্থানের ওই ফাঁকা জায়গায় আগে কিছু তরুণ খেলাধুলা করতেন। সেখানে খেলাধুলা বন্ধ করে গাছ রোপণ করায় ক্ষুব্ধ কোনো পক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন। তবে কারা গাছগুলো কেটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, তিনি বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। গোরস্থান কমিটি বা স্থানীয়দের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




