অনলাইন ডেস্ক: সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া নিহত হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে সাউথ আফ্রিকার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জীবিকার তাগিদে চার থেকে পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে তিনি কষ্টার্জিত অর্থে একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন। নিজে ব্যবসা পরিচালনার পাশাপাশি দোকানে একজন কর্মচারীও রাখেন।
ঘটনার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে হামলা চালায় বলে জানা গেছে। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। দোকানে থাকা অপর এক কর্মচারী গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জামাল মিয়ার বাবা মো. ছিডু মিয়া ব্যাপারী, মা খুকুমণি এবং স্ত্রী মাজেদা বেগম। তার তিন সন্তান রয়েছে—বড় ছেলে বায়েজিদ (৮), মেজো মেয়ে সিনথিয়া (৩) এবং ছোট মেয়ে সামিরা আক্তার (২)।
উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। জামালের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাবা মো. ছিডু মিয়া ব্যাপারী বাংলাদেশ ওয়েজ আর্নার্স প্রবাসী কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে তার ছেলের মরদেহ দ্রুত বাংলাদেশে এনে নিজ গ্রাম সিপাইকান্দিতে দাফনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।




