অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম মোবারক হোসেন সরদার (৫২)। এলাকায় তার চা-বিস্কুট ও রুটির দোকান রয়েছে। ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে কিশোরীকে নিজের বসতঘরে নিয়ে যান। ওই সময় ঘরে তার পরিবারের কেউ ছিলেন না। সেখানে কিশোরীকে ধর্ষণ করে মোবারক মুঠোফোনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ। বিষয়টি কাউকে না জানাতে তিনি কিশোরীকে হুমকি দেন। তিন-চার দিন আগে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার পর ঘটনাটি জানাজানি হয় বলে সূত্রগুলো জানায়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। মোবারক উপস্থিত না থাকলেও তার পক্ষের কয়েকজন সেখানে ছিলেন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে মোবারক কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন এবং দেখে নেওয়ার কথা বলেন বলে অভিযোগ। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে মারধর করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, এতে তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি মোবারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নঈমুল ইসলাম রাজিব জানান, আহত মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।




