অনলাইন ডেস্ক: প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সনদ বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।
এম এ হান্নান বলেন, দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা বাড়ানো এবং আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, সরকারের এই কর্মমুখী উদ্যোগ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে অবদান রাখবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ, উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাছান, পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, রূপসা উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সম্পন্ন করা ৩০ জন প্রান্তিক পেশাজীবীর প্রত্যেককে ১৮ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদানের চেক ও প্রশিক্ষণ সনদ দেওয়া হয়।
প্রশিক্ষণার্থীরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের কর্মসূচির পরিধি আরও বাড়ানোর আহ্বান জানান।




