অনলাইন ডেস্ক: দেশের মানুষদের সব ভালো অর্জনকে সরকার স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পুরস্কারটি শুধু বিজয়ীদের অর্জন নয়, এটি বাংলাদেশের সব মুসলমানের অর্জন। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়ার কথাও জানান তিনি।
তারেক রহমান বলেন, সরকার চায় বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের, দেশ ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক। সবার সহযোগিতায় দেশের জন্য ভালো পরিবর্তন আনার এবং সবাইকে নিয়ে একসঙ্গে চলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সৌদি আরবের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় হন।
এ ছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।




