অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি কর্মকর্তারা জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংশ্লিষ্টদের ইতোমধ্যে বৈঠকে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।
যেসব প্রতিষ্ঠানকে আমন্ত্রণ
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের থাকতে বলা হয়েছে।
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, বাংলাদেশ ডাক বিভাগ এবং বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই ও এনটিমসির মহাপরিচালক পর্যায়ের প্রতিনিধিদেরও বৈঠকে থাকার কথা রয়েছে।
নির্বাচনের সম্ভাব্য সময়
ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।




