অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে বাহরাইনপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও দুই সন্তানের জননী মরিয়ম বেগমকে নিয়ে শেখ রহমত উল্লাহ নামে এক এনসিপি নেতা চলে যাওয়ার অভিযোগ উঠেছে। শেখ রহমত উল্লাহ শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক বলে জানা গেছে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে তার দেবর শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ করেন। অভিযোগ রয়েছে, বাড়ি ছাড়ার পর থেকে দুজনের মুঠোফোন বন্ধ রয়েছে।
রবিবার সকালে রহমত উল্লাহর স্ত্রী, ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় যান। তারা নিখোঁজ দুজনের সন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলমের অভিযোগ, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জানতে পারেন। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে শনিবার রাতে তারা বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
মরিয়ম বেগমের দুই মেয়ে ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬) মায়ের সন্ধানের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে থানায় যায়।
মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলের স্ত্রী বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে চলে গেছেন।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের অবস্থান এবং তাদের পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




