অনলাইন ডেস্ক: চাঁদপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৮৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় এক হাজার ৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী রোগী রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগীর চাপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীকে ওয়ার্ডের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং ডেঙ্গু পরীক্ষার কিট পর্যাপ্ত রয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা জানান। তিনি বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
এডিস মশা বংশবিস্তার করতে পারে—এমন স্থান ও জমে থাকা পানি দ্রুত অপসারণের পরামর্শ দেন তিনি। কারও মধ্যে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বানও জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক।




