অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা জল বিলাস নামে একটি হোটেল এবং নির্মাণাধীন আরেকটি হোটেলের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় কর্মকর্তারা জল বিলাস এবং নির্মাণাধীন হাওয়া বদল নামের আরেকটি হোটেলের মালিকপক্ষের সঙ্গে কথা বলেন।
উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, নদীর তীরে হোটেল পরিচালনা ও নির্মাণকাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আসে। তাঁর ভাষ্য, দুই হোটেলের মালিক পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেননি। তবে মালিকপক্ষ সম্পত্তিটি নিজেদের বলে দাবি করছে।
তিনি বলেন, স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে দুই হোটেলের মালিককে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের তদন্ত নির্দেশ
এর আগে গত ২৪ আগস্ট মেঘনা নদীর তীর ও নদীতীরবর্তী সরকারি জায়গা দখল করে হোটেল নির্মাণের অভিযোগে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিতভাবে তদন্তের নির্দেশ দেন চাঁদপুরের মতলব আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ।
আদালত ওই এলাকায় নির্মিত স্থাপনার সংখ্যা, নির্মাণকাজে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল কি না—এসব বিষয় তদন্ত করে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।




